Monday, March 19, 2012

শামুক থেকে বিদ্যুৎ!

যুক্তরাষ্ট্রের গবেষকেরা সম্প্রতি জীবন্ত শামুকের শরীরে বায়ো-ফুয়েল ব্যাটারি স্থাপন করে বিদ্যুৎ তৈরির পদ্ধতি উদ্ভাবন করেছেন। গবেষকদের দাবি, এ ‘সাইবর্গ’ শামুককে যথেষ্ট খাবার আর পূর্ণ বিশ্রামের সুযোগ দিলে বায়ো ইলেকট্রনিক যন্ত্রপাতি চালানোর মতো বিদ্যুৎ পাওয়া সম্ভব। এক খবরে গিজম্যাগ জানিয়েছে, জ্যান্ত শামুকের ভেতর বায়োফুয়েল বা জৈব জ্বালানি কোষ বসিয়েছেন গবেষকেরা। শামুকের শরীর থেকে উৎপন্ন গ্লুকোজ এ ক্ষেত্রে জ্বালানি হিসেবে ব্যবহূত হয়।

যুক্তরাষ্ট্রের ক্লার্কসন ইউনিভার্সিটির গবেষকেরা শামুক থেকে বিদ্যুৎ তৈরির এ পদ্ধতি উদ্ভাবন করেছেন। গবেষকদের নেতৃত্বে থাকা ইভজেনি কাটজ এ প্রসঙ্গে জানিয়েছেন, প্রাকৃতিক পরিবেশে বায়োফুয়েল কোষযুক্ত এ শামুকটিকে কাজে লাগানো সম্ভব। শামুকটির ছয় মাস আয়ুর পুরোটা সময় ধরেই শরীরে তৈরি গ্লুকোজ থেকে বিদ্যুৎ তৈরি হবে।
গবেষণার ফল প্রকাশিত হয়েছে আমেরিকান কেমিক্যাল সোসাইটি জার্নালে।
উল্লেখ্য, গবেষকেরা জীবিত কোষকে শক্তির উৎস হিসেবে কাজে লাগানোর জন্য দীর্ঘদিন গবেষণা করছেন। যুক্তরাষ্ট্র সরকারের অর্থায়নে সাইবর্গ কীটপতঙ্গ তৈরির কাজ করছেন গবেষকেরা। এ গবেষণার অংশ হিসেবেই শামুক থেকে বিদ্যুত্ তৈরিতে সফল হয়েছেন তাঁরা। পরে আরও বড় আকৃতির প্রাণী থেকে বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা করছেন গবেষকরা।