চলতি সপ্তাহেই বাজারে আসছে বিশ্বের সবচেয়ে পাতলা ট্যাবলেট। তোশিবার তৈরি ১০ ইঞ্চি আকারের এ ট্যাবলেটটির পুরুত্ব দশমিক ৩ ইঞ্চি যা অ্যাপলের তৈরি আইপ্যাডের চেয়েও পাতলা। এক্সাইড ১০ এলই মডেলের এ ট্যাবলেটে থাকছে নানা ধরনের আধুনিক সব প্রযুক্তিসুবিধা। গুগলের মুক্ত অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ৩ দশমিক ২ হানিকম্ব অপারেটিং সিস্টেমে চালিত অত্যধিক পাতলা এ ট্যাবলেটটির ওজন মাত্র ১ দশমিক ১৮ পাউন্ড।
শুরুতে অ্যান্ড্রয়েড ৩ দশমিক ২ থাকলেও আগামী মাসের মধ্যেই ব্যবহারকারীরা অ্যান্ড্রোয়েডের নতুন সংস্করণ ৪ দশমিক ০ আইসক্রিম স্যান্ডউইচে উন্নীত করে নিতে পারবেন।
ট্যাবলেটটিতে আরও থাকছে ডুয়েল কোর মোবাইল প্রসেসর, সামনে-পেছনে আলাদা ক্যামেরা, ডুয়েল চ্যানেল মেমোরি, ১০ দশমিক ১ ইঞ্চি মাপের এলইডি প্রশস্ত পর্দা, আট ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ সুবিধা, ব্লু-টুথ, ওয়াইফাই ইত্যাদি সুবিধা।
থাকছে কর্নি গরিলা কাচ যাতে এর পর্দা থাকবে দাগ প্রতিরোধক। ১৬ গিগাবাইট ও ৩২ গিগাবাইট-সমৃদ্ধ ট্যাবলেটটির দাম যথাক্রমে ৫৩০ ডলার ও ৬০০ ডলার। চলতি সপ্তাহ থেকেই বাজারে পাওয়া যাবে ট্যাবলেটটি।