মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠান নকিয়া খুব শিগগিরই উইন্ডোজ অপারেটিং সিস্টেমের ট্যাবলেট কম্পিউটার বাজারে আনছে। এক খবরে টেলিগ্রাফ জানিয়েছে, চলতি বছরের জুন মাস নাগাদ বাজারে চলে আসবে নকিয়ার তৈরি ১০ ইঞ্চি মাপের উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেমের এ ট্যাবলেট।
বাজারে আসা অ্যাপলের সাম্প্রতিক পণ্য নতুন আইপ্যাডকে টেক্কা দিতে উদগ্রীব নির্মাতা প্রতিষ্ঠানগুলো। মাইক্রোসফটের নতুন উইন্ডোজ প্ল্যাটফর্ম এ সুযোগ করে দিয়েছে। প্রযুক্তি বিশ্লেষকেরা জানিয়েছেন, উইন্ডোজ ৮ নির্ভর ট্যাবলেট নির্মাণে সে কারণেই আগ্রহ দেখিয়েছে নকিয়া।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ডিজিটাইমস সম্প্রতি জানিয়েছে, নকিয়ার প্রধান নির্বাহী স্টিফেন ইলোপ আগেই উইন্ডোজ নির্ভর ট্যাবলেট নির্মাণের ইঙ্গিত দিয়েছিলেন। উইন্ডোজনির্ভর ট্যাবলেট তৈরিতে তাইওয়ান-ভিত্তিক প্রতিষ্ঠান কমপাল ইলেকট্রনিকসকে বেছে নিয়েছে নকিয়া। প্রাথমিকভাবে নকিয়ার জন্য ২ লাখ ইউনিট ট্যাবলেট তৈরি করে দেবে কমপাল।
উল্লেখ্য, নকিয়ার পাশাপাশি ডেলও উইন্ডোজ ৮ প্ল্যাটফর্মের পণ্য তৈরিতে যাচ্ছে। সম্প্রতি ডেলও ইনটেলের প্রসেসর ও উইন্ডোজ নির্ভর ট্যাবলেট তৈরির ঘোষণা দিয়েছে।