কাগজ ভাঁজ করে বিভিন্ন আকৃতি দেওয়া বা অরিগ্যামিকে শিশুর খেলনা থেকে শিল্পে উত্তীর্ণ করেছিলেন জাপানি বংশোদ্ভূত আকিরা ইয়োশিজাওয়া। তাঁকে অরিগ্যামির গ্র্যান্ডমাস্টার বলা হয়। ১৪ মার্চ তাঁর ১০১তম জন্মদিন। আকিরা ইয়োশিজাওয়ার জন্মদিন উপলক্ষে গুগলের হোমপেজের লোগোটিকে অরিগ্যামিতে সাজিয়েছে গুগল।
১৯১১ সালে জাপানে জন্মগ্রহণ করেছিলেন আকিরা ইয়োশিজাওয়া। ১৩ বছর বয়সে একটি কারখানায় কাজ করতে শুরু করেন তিনি। ২০ বছর না হতেই তাঁকে অরিগ্যামির প্রকৌশলী হিসেবে পদোন্নতি পান তিনি। ১৯৩০ সালের দিকে অরিগ্যামির জন্য চাকরি ছেড়ে দেন ইয়োশিজাওয়া। এরপর প্রায় দুই দশক অভাবের মধ্যে দিয়ে দিনাতিপাত করেন তিনি। এ সময় তিনি মাছও ফেরি করতেন। ১৯৫১ সালে জাপানের একটি ম্যাগাজিন তাঁকে নতুন করে আবিষ্কার করে। এ ম্যাগাজিনটির পরবর্তী সংখ্যার জন্য ১২ টি জাপানি চিহ্নের অরিগ্যামি তৈরি করে দেন তিনি। এরপরই আন্তর্জাতিকভাবে পরিচিতি পান ইয়োশিজাওয়া।
অরিগ্যামি নিয়ে এক ডজনেরও বেশি বই লিখেছেন আকিরা ইয়োশিজাওয়া। অরিগ্যামির উদ্ভাবনী পদ্ধতি ও একে অবসর কাটানোর অন্যতম মাধ্যম হিসেবে প্রতিষ্ঠা করার কৃতিত্বটিও দেয়া হয় তাঁকে। ২০০৫ সালে টোকিওতে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা যান তিনি।
উল্লেখ্য, বিখ্যাত ব্যক্তি ও ঘটনার স্মরণে প্রায়ই তাদের হোমপেজে ডুডল তৈরি করে গুগল। ১৪ মার্চ আকিরা ইয়োশিজাওয়ার ১০১তম জন্মদিন উপলক্ষে ডুডল তৈরি করেছে গুগল।
১৪ মার্চ তারিখটি বিজ্ঞানী আইনস্টাইনেরও জন্মদিন। এ ছাড়া এই দিনটিকে ‘পাই ডে’ হিসেবেও পালন করা হয়।