Tuesday, March 20, 2012

এবছর আসছে না ‘এক্সবক্স ৭২০’

বর্তমানে বাজারে থাকা মাইক্রোসফটের গেম কনসোল ‘এক্সবক্স৩৬০’-এর চাহিদা এখনো ফুরায়নি। তাই এ বছর নতুন গেম কনসোল আনার পরিকল্পনা থেকে সরে গেছে মাইক্রোসফট। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট পিসি ম্যাগ এক খবরে জানিয়েছে, ১৬ মার্চ শুক্রবার নতুন গেম কনসোল বাজারে আনার বিষয়ে এ তথ্য দিয়েছে মাইক্রোসফট।

মাইক্রোসফটের পক্ষ থেকে কোনো তথ্য আনুষ্ঠানিকভাবে জানানো না হলেও বিভিন্ন প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইটে দীর্ঘদিন ধরেই মাইক্রোসফটের নতুন গেম কনসোল বিষয়ে গুজব চালু রয়েছে। চলতি বছরের জুন মাসে লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠেয় ই৩ কনফারেন্সে মাইক্রোসফটের নতুন গেম কনসোল ‘এক্সবক্স৭২০’ আসতে পারে—এমন গুজবকে তাই আনুষ্ঠানিকভাবেই নাকচ করে দিয়েছে প্রতিষ্ঠানটি। মাইক্রোসফট জানিয়েছে, ২০১৩ সালের শুরুতেই হয়তো দেখা মিলতে পারে ‘এক্সবক্স৭২০’ নামের গেম কনসোলটির।
মাইক্রোসফট কর্মকর্তা ডেভিড ডেনিশ বলেছেন, ‘চলতি বছরটা আমাদের কেবল এক্সবক্স৩৬০ ব্যবসার বছর। এ বছরই সেরা ব্যবসা করেছে পণ্যটি। এ পণ্যটি ডিভিডি বা হোম থিয়েটারের চেয়েও বেশি ব্যবসা করেছে। তাই এ বছর নতুন গেম কনসোল বাজারে আসবে না।’
এক্সবক্স ৭২০ গেম কনসোলটিতে থাকবে উন্নত গ্রাফিকস, প্রসেসর ও মোশন সেন্সর প্রযুক্তির ব্যবহার। এ কারণেই নতুন গেম কনসোলটিকে ‘ভিনগ্রহের’ গেম কনসোল হিসেবে আখ্যা দিয়েছেন প্রযুক্তি বিশ্লেষকেরা।