অ্যাপল কম্পিউটারের তৈরি ট্যাবলেট আইপ্যাডের নতুন সংস্করণ বাজারে এসেছে। নতুন এ আইপ্যাডে থাকছে বিশেষ রেটিনা পর্দা। দারুণ এ বৈশিষ্ট্যের পাশাপাশি এতে যুক্ত হয়েছে শক্তিশালী প্রসেসর এবং চতুর্থ প্রজন্মের (ফোরজি) যোগাযোগব্যবস্থা। ৯.৪ মিলিমিটার পাতলা এবং ১.৪ পাউন্ড ওজনের নতুন আইপ্যাডের উন্নত রেজুলুশনের পাশাপাশি এতে থাকছে ৩.১ মিলিয়ন পিক্সেল রঙিন আইপিএস পর্দা, যা আগের আইপ্যাডের চেয়ে অনেক উন্নত।
সম্প্রতি সান ফ্রান্সিসকোতে আইপ্যাডের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক। এর আগে বাজারে আসার পর থেকে প্রায় চার কোটি অ্যাপলের আইপ্যাড বিক্রি হয়েছে, যা ট্যাবলেট বাজারের শতকরা ৬২ ভাগ দখল করে আছে। টিম কুক বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, প্রচলিত কম্পিউটারকে পেছনে ফেলে খুব শিগগিরই আধুনিক ট্যাবলেট জায়গা দখল করে নেবে। চলতি মাসের ১৬ তারিখ থেকে নতুন এ আইপ্যাডটি পাওয়া যাবে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, জার্মানি, জাপান, সুইজারল্যান্ড ও ফ্রান্সে। এ ছাড়া বিশ্বের অন্যান্য দেশে নতুন এ আইপ্যাড পাওয়া যাবে ২৩ মার্চ থেকে।
নানা ধরনের নতুন বৈশিষ্ট্যের নতুন আইপ্যাডে আরও আছে এ ফাইভ এক্স প্রসেসর, যার সঙ্গে রয়েছে শক্তিশালী কোয়াড কোর গ্রাফিক্স-সুবিধা, ৫ মেগাপিক্সেলের ব্যাকসাইড ইলুমিনেটেড সেন্সর, আইসাইট ক্যামেরা, ৫ এলিমেন্ট লেন্স ইত্যাদি। ক্যামেরার সঙ্গে যুক্ত থাকছে স্বয়ংক্রিয় ফোকাস, স্বয়ংক্রিয় এক্সপোজার এবং উন্নত ভিডিও রেকর্ডিং-সুবিধা। একটি মাত্র হোম বাটনের সঙ্গে থাকছে একটানা ১০ ঘণ্টা চালানোর সুবিধা। বাজারে বর্তমানে ১৬ গিগাবাইট সাইজের আইপ্যাডের দাম ৪৯৯ ডলার, ৩২ গিগাবাইট ৫৯৯ ও ৬৪ গিগাবাইট ৬৯৯ মার্কিন ডলার। এ ছাড়া চতুর্থ প্রজন্মের সুবিধাসহ আইপ্যাডটির দাম যথাক্রমে ৬২৯, ৭২৯ ও ৮২৯ মার্কিন ডলার। —দ্য টেলিগ্রাফ অবলম্বনে কাজী আশফাক আলম