Sunday, March 18, 2012

ছাপার কালি মুছতে ‘আনপ্রিন্টার’!

প্রিন্ট বা ছাপার দুনিয়ার জন্য চলতি সপ্তাহ মোটেও ভালো যাচ্ছে না। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা ২৪৪ বছরের ছাপার ইতিহাসের ইতি টানল। এর পরপরই ইংল্যান্ডের গবেষকেরা জানালেন ছাপার কালিকে কাগজ থেকে মুছে সরিয়ে ফেলার একটি পদ্ধতি উদ্ভাবন করার কথা। অর্থাত্ ছাপা কাগজ থেকে কালি সরিয়ে আবার আগের অবস্থায় তা ফিরিয়ে আনা সম্ভব হবে। এক খবরে বিবিসি জানিয়েছে,
ইউনিভার্সিটি অব কেমব্রিজের গবেষকেরা প্রিন্টারের ঠিক উল্টো কাজ করতে সক্ষম এমন একটি পদ্ধতি উদ্ভাবন করেছেন। এর নাম ‘লেজার আনপ্রিন্টার’।
ইউনিভার্সিটি অব কেমব্রিজের গবেষকেরা জানিয়েছেন, লেজার আনপ্রিন্টারের সাহায্যে ছাপা কাগজ থেকে কালি সরিয়ে ফেলা সম্ভব। এ পদ্ধতিতে কাগজ রিসাইকেল করার পরিবর্তে পুনরায় তা ব্যবহার করা যাবে। এটি পরিবেশবান্ধবও বটে। এ পদ্ধতি ব্যবহারে কাগজ আনপ্রিন্ট করার সময় এর কোনো ক্ষতি হয় না। লেজার রশ্মির সাহায্যে কাগজের সেলুলোজ থেকে তাত্ক্ষণিক কালি শুষে নিতে পারে আনপ্রিন্টার।
আনপ্রিন্ট করার পদ্ধতি উদ্ভাবনে সাফল্য পেলেও শিগগিরই এ আনপ্রিন্টার বাজারে আনা সম্ভব নয় বলেই জানিয়েছেন গবেষকেরা। গবেষণার ফল প্রকাশিত হয়েছে প্রসিডিংস অব দ্য রয়াল সোসাইটি জার্নালে।