Tuesday, March 20, 2012

ডিভাইস চিনবে ‘পাওয়ার সকেট’

ইলেকট্রনিক পণ্য নির্মাতা সনি একটি স্মার্ট পাওয়ার সকেট তৈরির কাজ করছে, যা চার্জে দেওয়া পোর্টেবল ডিভাইসটি শনাক্ত করতে সক্ষম। সনির বরাতে বিবিসি এক খবরে জানিয়েছে, এই পাওয়ার সকেটটি বৈদ্যুতিক গাড়ি রিচার্জের ক্ষেত্রে সহায়ক হবে। এ ছাড়া বৈদ্যুতিক গ্রিডেও সকেটটি ব্যবহার করা যাবে। ব্যবহারকারী আগাম বিল পরিশোধ করলে পরে সকেটটি বিদ্যুত্ প্রবাহের সংযোগ চালু করবে।

বর্তমানে সিএনএজি বা পেট্রলপাম্প আউটলেটগুলোতে যেভাবে লেনদেন করা হয় তেমনি এ সকেট থেকেও বিদ্যুত্ পেতে আগেভাগেই অর্থ পরিশোধ করে নিতে হবে। অর্থ পরিশোধের পর এ সকেটকে নির্দেশ পাঠানো হলে তবেই সেখান থেকে বিদ্যুত্ পরিবাহিত হবে। তাই অবৈধ বিদ্যুত্ সংযোগ পাওয়া সম্ভব হবে না। ভবিষ্যতের বৈদ্যুতিক গাড়ির কথা ভেবেই এই সকেট তৈরি করেছে জাপানি ইলেকট্রনিক পণ্য নির্মাতা প্রতিষ্ঠানটি।
সনির ভাষ্য, এ সকেটটি স্মার্ট। কারণ সকেটে লাগানোর পর ডিভাইসটি শনাক্ত করলেই কেবল তা থেকে বিদ্যুত্ পরিবাহিত হবে। সকেটে রয়েছে স্মার্ট সেন্সর। এই সেন্সর রেডিও ফ্রিকোয়েন্সি আইডি (আরএফআইডি) ও নিয়ার ফিল্ড কমিউনিকেশন (এনএফসি) প্রযুক্তিতে সকেটে লাগানো ডিভাইসের তথ্য শনাক্ত করে। তথ্য সংগ্রহের পর পাওয়ার লাইন বা ওয়াইফাই ব্যবহার করে সকেট ব্যবহারকারীর কাছে তথ্য সরবরাহ করে। ফলে বিদ্যুত্ ব্যবস্থার পুরো নিয়ন্ত্রণ রাখা সম্ভব হয়। অবশ্য শিগগিরই এই স্মার্ট সকেটটি বাজারে আনার কোন পরিকল্পনা নেই সনির।