Friday, March 23, 2012

নতুন আইপ্যাডে ‘ত্রুটি’!

অ্যাপলের নতুন পণ্য ‘নিউ আইপ্যাড’ এখন বাজারে। বাজারে আসার আগে পরে এর অনেক গুণের কথা রটলেও সম্প্রতি বড় একটা ত্রুটিও ধরা পড়েছে। নিউ আইপ্যাডের এ ত্রুটিটি হচ্ছে, অ্যাপলের তৈরি এ পণ্যটি আইপ্যাড ২-এর তুলনায় বেশি গরম হয়। ইলেকট্রনিক পণ্যের পর্যালোচনাকারী প্রতিষ্ঠান কনজুমার রিপোর্টসের বরাতে রয়টার্স জানিয়েছে, অ্যাপলের তুমুল বিক্রি হওয়া ‘নিউ আইপ্যাড’ দীর্ঘ সময় ধরে ব্যবহারে মাত্রাতিরিক্ত গরম হয়।
পরীক্ষায় করে দেখা গেছে, ৪৫ মিনিট ধরে অ্যাকশনধর্মী কোনো গেম ‘নিউ আইপ্যাডে’ খেলা হলে এর তাপমাত্রা দাঁড়ায় ১১৬ ডিগ্রি ফারেনহাইট; যা একই সময় ধরে আইপ্যাড ২ ব্যবহারের তুলনায় ১৩ ডিগ্রি বেশি।
কনজুমার রিপোর্টস কোনো পণ্যের সফলতা বা ব্যর্থতা বিষয়ে রিভিউ তৈরি করে। নতুন আইপ্যাডে মাত্রাতিরিক্ত তাপ তৈরির বিষয়টি পরীক্ষায় টের পেলেও এখনও পণ্যটির বিষয়ে চূড়ান্ত কোনো রিভিউ তৈরি করেনি তাঁরা। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, তাপের বিষয়টি একটি ত্রুটির মধ্যে পড়লেও পুরো রিভিউয়ে এর তেমন কোনো প্রভাব পড়বে না।
অ্যাপলের নতুন আইপ্যাড অতিরিক্ত গরম হওয়ার খবরটি প্রযুক্তিবিষয়ক বিভিন্ন ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। তার পরও প্রথম সপ্তাহে রেকর্ড ৩০ লাখ ইউনিট আইপ্যাড বিক্রি হয়েছে। চূড়ান্ত রিভিউ ছাপার আগে কনজুমার রিপোর্টস তাদের প্রাথমিক রিভিউতে ‘নিউ আইপ্যাড’কে এযাবত্কালের সেরা ট্যাবলেট হিসেবেই আখ্যা দিয়েছে।