উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেম-নির্ভর ট্যাবলেট তৈরির দৌড়ে নিজেদের প্রথম হিসেবেই দেখতে চায় চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান লেনোভো। মাইক্রোসফটের তৈরি উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেম-নির্ভর ট্যাবলেট বাজারে আনতে কাজ শুরু করেছে প্রতিষ্ঠানটি। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ এক খবরে জানিয়েছে, বাজারে প্রথম উইন্ডোজ ৮ চালিত ট্যাবলেট আনতে পারে লেনোভো।
চলতি বছরের অক্টোবর মাস নাগাদ বাজারে আসতে পারে লেনোভোর ট্যাবলেট। এ ট্যাবলেটে ব্যবহূত হবে ইনটেলের তৈরি প্রসেসর। লেনোভো অবশ্য এ বিষয়ে বিস্তারিত তথ্য দেয়নি। তবে প্রযুক্তি বিশ্লেষকেরা ধারণা করছেন, এ বছরের জানুয়ারিতে লাস ভেগাসে অনুষ্ঠিত সিইএস মেলায় লেনোভো আইডিয়াপ্যাড ইয়োগা নামের একটি ট্যাবলেট দেখিয়েছিল সেটিই হতে পারে উইন্ডোজ ৮-এর দৌড়ের বাজির ঘোড়া।
ল্যাপটপ নাকি ডেস্কটপ, এ নিয়ে যাঁরা দ্বিধায় ভোগেন, তাঁদের কথা মাথায় রেখেই আইডিয়াপ্যাড ইয়োগা নামের ট্যাবলেটটি তৈরি করছে লেনোভো। এ ট্যাবলেটটিতে থাকছে কি-বোর্ড। যা স্ট্যান্ড আকারে ব্যবহার করে ট্যাবলেটকে টেবিল ক্যালেন্ডার বানিয়ে নেয়া যাবে। টাচস্ক্রিন সুবিধার এ ডিভাইসটির দাম ১ হাজার ২০০ ডলার হতে পারে।
এদিকে, উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেমচালিত ট্যাবলেটের দৌড়ে রয়েছে ডেল ও নকিয়া। এ দুটি প্রতিষ্ঠানও প্রথম উইন্ডোজ ট্যাবলেট আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে।