গুগল ডুডলে আজ ২০ মার্চ মঙ্গলবার ভার্নাল ইকুইনক্স বা বাসন্ত বিষুব বা মহাবিষুব হিসেবে পালন করা হচ্ছে। বসন্তের প্রথম দিন হিসেবে গুগলের হোমপেজ ফুল-পাখির রঙিন ছবি দিয়ে সাজিয়েছে গুগল। সাধারণত ২১ মার্চ বাসন্ত বিষুব হিসেবে পালন করা হলেও এ বছর এক দিন আগেই পালিত হচ্ছে এ দিনটি।
২১ মার্চ পৃথিবীতে দিন ও রাতের দৈর্ঘ্য সমান হয়। অর্থাত্ দক্ষিণ গোলার্ধে অবস্থান শেষ করে উত্তর গোলার্ধে ফেরার পথে সূর্য এদিন পৃথিবীর বিষুবরেখার ঠিক ওপরে অবস্থান করায় উভয় গোলার্ধে দিন ও রাত প্রায় সমান হয়। এ দিনটি থেকেই উত্তর গোলার্ধে বসন্ত ঋতু শুরু হয়। তবে বাত্সরিক পরিক্রমায় এ বছর একদিন আগেই বসন্ত শুরু হয়েছে। ১৮৯৬ সালের পর ঘটল এ ঘটনা। দিনটি উদযাপনে হোমপেজে বিশেষ ডুডল বসিয়েছে গুগল।
বাসন্ত বিষুব বা মহাবিষুব শব্দটিকে ইংরেজিতে বলা হয় ‘ইকুইনক্স’, যা লাতিন শব্দ অ্যাকুয়াস (সম) ও নক্সের (রাত) সন্ধির ফলে তৈরি হয়েছে। জ্যোতির্বিদের তথ্য অনুসারে, বছরে দুবার বিষুব আসে। একটি হল ২১ মার্চ বাসন্ত বিষুব ও ২৩ সেপ্টেম্বর হেমন্তকালীন বিষুব। বসন্তকালীন বিষুবকে ভার্নাল ইকুইনক্স ও হেমন্তকালীন বিষুবকে অটামনাল ইকুইনক্স বলা হয়। এগুলো সৌরপরিক্রমার স্বাভাবিক ঘটনা। বাসন্তিক বিষুবের পর থেকেই বাংলাদেশে গ্রীষ্মের প্রভাব পড়তে শুরু করে।
উল্লেখ্য, কোনো ব্যক্তি, ঘটনা ও বিশেষ কোনো দিন উপলক্ষে প্রায়ই ডুডল তৈরি করে গুগল।