বিটটরেন্ট সাইট হিসেবে পাইরেট বে যেমন খ্যাত, তেমনি কুখ্যাত। প্রযুক্তি-বিশ্লেষকেরা বলেন, পাইরেট বে যেমন পাইরেটেড কনটেন্টের জন্য সর্বাধিক ভিজিট করা সাইট, তেমনি অনলাইনে সর্বাধিক সেন্সর করা সাইটের মধ্যেও এটি একটি। অনেক ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (আইএসপি) তাদের সার্ভিস-গ্রহীতাদের এ সাইটটিতে ঢোকার পথ বন্ধ করে রাখে। এ তালিকায় এবার সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফটও যুক্ত হয়েছে।
মাইক্রোসফটের উইন্ডোজ লাইভ মেসেঞ্জার (এমএসএন) পাইরেট বে ওয়েবসাইটের লিংক চালু করা বন্ধ করে দিয়েছে। এ সাইটটি মোটেও নিরাপদ নয়—পাইরেট বে সম্পর্কে এমন সতর্কবার্তাই দেখাচ্ছে মাইক্রোসফট।উইন্ডোজ লাইভ মেসেঞ্জার ব্যবহার করে বিটটরেন্ট সাইটের কোনো লিংক পোস্ট করা হলে মাইক্রোসফট সে লিংক সেন্সর করছে এবং বন্ধ করে দিচ্ছে। লিংক চালুর পরিবর্তে পাইরেট বে নিরাপদ নয়—এমন একটি বার্তা দেখা যাচ্ছে। প্রযুক্তি-বিশ্লেষকেরা ধারণা করছেন, মাইক্রোসফট সম্প্রতি ব্যবহারকারীর যোগাযোগের ওপর তীক্ষ নজর রাখা শুরু করেছে। ক্ষতিকর কোনো ওয়েবসাইটের লিংক থেকে তাদের রক্ষা করতেই এমন পদক্ষেপ নিয়েছে প্রতিষ্ঠানটি। এর কারণ ক্ষতিকর ওয়েবসাইটের লিংক থেকে যে ম্যালওয়্যার কম্পিউটারের প্রবেশ করে, তা উইন্ডোজের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়ায়।
মাইক্রোসফটের সেন্সরশিপ-নীতিতে বিটটরেন্টের অনেক ওয়েবসাইট পার পেয়ে গেলেও পাইরেট বে সাইট কেন আটকে দেওয়া হচ্ছে, এ বিষয়ে এখনো মুখ খোলেনি মাইক্রোসফট।