Friday, March 30, 2012

মুখোশ যখন চার্জার!


গবেষকেরা এরই মধ্যে মোবাইল ফোনে চার্জ দেওয়ার ভিন্ন ভিন্ন অনেক উপায়ই উদ্ভাবন করেছেন। এবার ঘুমের সময় বা দৌড়ানোর সময় শ্বাসপ্রশ্বাসের শক্তি ব্যবহার করে মোবাইল ফোনে চার্জ দেওয়ার আরও একটি অদ্ভুত উপায় উদ্ভাবন করেছেন তাঁরা। এ পদ্ধতিতে মুখে একটি মাস্ক বা মুখোশ পরতে হয়।
এ মুখোশটি শ্বাসপ্রশ্বাসকে বিদ্যুত্শক্তিতে রূপান্তরিত করে মোবাইল চার্জ করবে। এক খবরে হাফিংটন পোস্ট জানিয়েছে, ব্রাজিলের নকশাবিদ জোয়া পাবলো ল্যামোগলিয়া উদ্ভাবিত এ মুখোশটির নাম ‘এয়ারি’।
‘এয়ারি’ মুখোশটিতে বাতাসের শক্তিকে বিদ্যুত্শক্তিতে রূপান্তর করতে পারে—এমন একটি টারবাইন বসানো থাকবে। শ্বাস নেওয়ার সময় এ টারবাইন ঘুরবে এবং চার্জ হবে মোবাইল। পাবলো ল্যামোগলিয়া জানিয়েছেন, ‘এয়ারি’ ডিভাইসটি এখনো নকশা পর্যায়ে রয়েছে। তাই এ প্রযুক্তিটি শিগগিরই হাতের নাগালে আসছে না।
ল্যামোগলিয়া তাঁর এ মুখোশের নকশা প্রসঙ্গে বলেছেন, এয়ারি ডিভাইসটির নকশা বেশ গুরুত্বপূর্ণ। কারণ এতে শক্তির উত্স হিসেবে শ্বাসপ্রশ্বাসের বাতাসকে ব্যবহার করা হবে। পাশাপাশি এ ডিভাইসটি পরিবেশবান্ধব। ‘ডিজাইন কনসেপ্ট ২০১১’ প্রতিযোগিতায় রেড ডট ডিজাইনের পুরস্কার জিতেছে ‘এয়ারি’ নামের এ মুখোশ।