মোবাইল ডিভাইসের ব্যাটারির দীর্ঘায়ু চাইলে বিনামূল্যের বিভিন্ন অ্যাপ্লিকেশন ব্যবহার থেকে বিরত থাকতে হবে। মাইক্রোসফটের বিশেষজ্ঞরা সম্প্রতি এই পরামর্শ দিয়েছেন। সম্প্রতি এক খবরে বিবিসি জানিয়েছে, বিনামূল্যের অ্যাপ্লিকেশনগুলোর ব্যবহারে ব্যাটারির আয়ু কমার একটি যুক্তিগ্রাহ্য কারণ খুঁজে পেয়েছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।
বিনামূল্যের অ্যাপ্লিকেশনে সুবিধা ভোগে পয়সা বাঁচে ঠিকই কিন্তু মাইক্রোসফট ও পারদু ইউনিভার্সিটির গবেষকেরা জানিয়েছেন, সস্তার সবকিছু ভালো নয়। বিশেষ করে অ্যাপ্লিকেশন। টাকা খরচ করে কেনা অ্যাপ্লিকেশনের তুলনায় বিনামূল্যের অ্যাপ্লিকেশনগুলো ব্যাটারির আয়ুর ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলে।
গবেষকেরা থ্রিজি নেটওয়ার্ক সুবিধায় উইন্ডোজ ও অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমচালিত স্মার্টফোনে ছয়টি জনপ্রিয় অ্যাপ্লিকেশনের পরীক্ষায় দেখেছেন, বিনামূল্যের অ্যাপ্লিকেশনগুলোর বিজ্ঞাপন দেখতে দেখতেই ব্যাটারির ৭৫ শতাংশ চার্জ শেষ হয়ে যায়।