দুই বছর পর ফটোশপের ক্ষেত্রে বড় ধরনের আপডেট আনল অ্যাডোবি। ২১ মার্চ বুধবার ফটোশপ সিএস৬ এর বিটা সংস্করণ উন্মুক্ত করেছে অ্যাডোবি। এর আগে ২০১০ সালের ৫ এপ্রিল ফটোশপ ক্রিয়েটিভ স্যুটের সর্বশেষ সংস্করণটি এনেছিল অ্যাডোবি। নতুন সংস্করণে থ্রিডি ছবি সম্পাদনা ও নতুন ইন্টারফেস যুক্ত হয়েছে। ফটোশপ সিএস৬-এর প্রিভিউ অ্যাডোবি ল্যাব ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে।
নতুন ফটোশপে যুক্ত হয়েছে অ্যাডোবি মার্কারি গ্রাফিকস ইঞ্জিন। প্রিভিউ ডাউনলোডের পর ‘ট্রাই’ অপশন নির্বাচন করতে হবে ব্যবহারকারীকে। ব্যবহারকারী এক সপ্তাহ প্রিভিউ দেখার সুযোগ পাবেন। কবে নাগাদ এ সফটওয়্যারটির চূড়ান্ত সংস্করণ বাজারে আসবে সে বিষয়ে এখনও তথ্য জানায়নি অ্যাডোবি। তবে প্রযুক্তি বিশ্লেষকরা ধারণা করছেন, চলতি বছরের মে মাস নাগাদ ক্রিয়েটিভ স্যুট সিএস৬ বাজারে আসতে পারে।
উল্লেখ্য, ২০১১ সালের অক্টোবর মাসে ফটোশপ সিএস৬ সংস্করণের তথ্য ফাঁস করেছিল অ্যাপল ইনসাইডার নামে একটি প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট। এরপর চলতি বছরের জানুয়ারি মাসে অ্যাডোবি সিস্টেমস ইনকরপোরেশন থেকে ফটোশপ সিএস৬ নিয়ে একটি ভিডিও প্রকাশ করেছিল। ‘স্নিক পিক#১’ শিরোনামে ইউটিউবে পোস্ট করা সেই ভিডিওটিতে অ্যাডোবি সিএস৬-এর ফিচারগুলোর তথ্য জানানো হয়েছিল।