Monday, April 2, 2012

অ্যাপল নিয়ে আসছে ‘থ্রিডি ক্যামেরা’

অ্যাপলের পরবর্তী পণ্য কী হবে, তা নিয়ে প্রযুক্তি বিশ্লেষকেরা নানা রকম ধারণা পোষণ করেন। তবে অ্যাপল সাধারণত তাদের পণ্য নিয়ে আগেভাগে একেবারেই মুখ খোলে না। এবার অ্যাপল নতুন একটি পেটেন্টের জন্য আবেদন করায় এ নিয়ে প্রযুক্তিবিদেরা শুরু করেছেন নানামুখী জল্পনা-কল্পনা।
জানা গেছে, অ্যাপল নাকি এবার নিয়ে আসছে ‘থ্রিডি ক্যামেরা’, যা স্থিরচিত্র ও ভিডিও—দুভাবেই ব্যবহার করা যাবে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল সূত্রে এ তথ্য জানা গেছে।
অ্যাপলের নতুন ক্যামেরা বিষয়ে পেটেন্টলি অ্যাপল জানিয়েছে, ক্যামেরায় এলআইডিএআর, রাডার ও লেজার প্রযুক্তির ডেপথ-ডিটেকশন সেন্সর বসাবে অ্যাপল। এ ছাড়া উন্নত লুমিন্যান্স সেন্সরও যোগ করবে প্রতিষ্ঠানটি। নতুন এ ক্যামেরায় ফেসিয়াল রিকগনিশন, ফেসিয়াল জেশ্চার প্রযুক্তির মতো অঙ্গভঙ্গির সাহায্যে ক্যামেরা চালানোর উপযোগী প্রযুক্তিও যুক্ত হবে। তবে পেটেন্টলি অ্যাপলের মতে, নতুন এ পণ্য এখনো অ্যাপলের পরীক্ষাগারে আছে এবং খুব শিগগির এর বাজারে আসার সম্ভাবনা কম।
প্রযুক্তি বিশ্লেষকেরা জানিয়েছেন, প্রযুক্তি পণ্যের নির্মাতা হিসেবে অ্যাপল দীর্ঘদিন ধরে আইফোন, আইম্যাক ও আইপ্যাডের মতো তথ্যপ্রযুক্তিভিত্তিক পণ্য নির্মাণ করলেও উচ্চপ্রযুক্তির ক্যামেরার ক্ষেত্রে তেমন আগ্রহ দেখায়নি। সম্প্রতি বাজারে আসা অ্যাপলের ‘নিউ আইপ্যাডের’ রেটিনা ডিসপ্লে টাচস্ক্রিন প্রযুক্তির উন্নয়নের সঙ্গে সঙ্গে থ্রিডি ক্যামেরা তৈরিতে আগ্রহ দেখিয়েছে অ্যাপল। তাই আগেভাগেই পেটেন্টের আবেদনটা করে রেখেছে অ্যাপল।