Wednesday, April 11, 2012

ল্যাপটপের দাম মিলিয়ন ডলার!

বাজারে অনেক দিন ধরেই চলছে বিভিন্ন ল্যাপটপ বা নোটবুকের রাজত্ব। এখন বিলাসী পণ্যের তালিকা থেকে প্রয়োজনীয় পণ্যের তালিকায় নাম লিখিয়েছে এ পণ্যটি। অনেক ব্র্যান্ডের ল্যাপটপই এখন সাশ্রয়ী দামের কারণে চলে এসেছে হাতের নাগালে। কিন্তু ল্যাপটপ কিনতে এক মিলিয়ন ডলার খরচ করতেও আগ্রহী হবেন অনেকে।

সম্প্রতি ১০ লাখ ডলার দামের একটি ল্যাপটপ বাজারে এসেছে। যুক্তরাজ্যের বিলাসী পণ্য নির্মাতা প্রতিষ্ঠান লুভাগলিও সম্প্রতি এ মিলিয়ন ডলার দামের ল্যাপটপটি বাজারে এনেছে। এ ল্যাপটপে প্রযুক্তির ছোঁয়া কতটা লেগেছে সে তথ্য প্রকাশ না করলেও ট্যাবলেটটি তৈরিতে যে উপাদানগুলো ব্যবহার করা হয়েছে সে তথ্য শুনলেই দামের বিষয়টি আর কারও মাথায় থাকার কথা নয়। ১৭ ইঞ্চি এলইডি স্ক্রিনের এ ল্যাপটপে অ্যান্টি গ্লেয়ার কোটিং ব্যবহার করা হয়েছে, যাতে ঝকঝকে ছবি ও হাই কনস্ট্রাটের ছবি দেখা যায়। চোখের জন্য আরামদায়ক এই স্ক্রিনটি ছাড়াও এতে রয়েছে ১২৮ গিগাবাইট তথ্য সংরক্ষণ সুবিধা ও ব্লুরে ড্রাইভ স্লট। ল্যাপটপটিতে রয়েছে স্ক্রিন পরিষ্কার করার প্রযুক্তি।
ল্যাপটপটির পাওয়ার বাটন দুর্লভ রঙিন হীরা দিয়ে তৈরি। এ হীরার বাটনটি ল্যাপটপটির নিরাপত্তা ফিচার হিসেবেও কাজ করে। লুভাগলির প্রধান নির্বাহীর দাবি, এ ল্যাপটপটির নকশা করতে তাদের অনেক দিন লেগেছে। এ ছাড়া বিলাসী পণ্য হিসেবে ল্যাপটপটিতে অনেক ধরনের সুবিধাও যোগ করা হয়েছে; যাতে ব্যবহারকারী সহজেই তা ব্যবহার করতে পারেন। ডিভাইসটির কেসিংয়েও ব্যবহার করা হয়েছে হীরার টুকরো যা ল্যাপটপটি আরও দর্শনীয় করেছে।
ল্যাপটপটি আগে থেকে অর্ডারও দেওয়ার সুবিধাও রেখেছে প্রতিষ্ঠানটি। আপনিও চাইলেই কাঠ, ধাতু বা লোহার কাঠামোতে মিলিয়ন ডলারের হীরা বসিয়ে তৈরি করিয়ে নিতে পারবেন লুভাগলি থেকে।