Friday, April 13, 2012

নতুন রূপে এল গুগল প্লাস

গুগলের সামাজিক যোগাযোগের ওয়েবসাইট গুগল প্লাস নতুন রূপ পেয়েছে। ১১ এপ্রিল বুধবার গুগল প্লাসের নকশা পরিবর্তন করেছে গুগল। নতুন গুগল প্লাসে ভবিষ্যতে আরও নতুন ফিচার যুক্ত করার কথাও জানিয়েছে গুগল।
গুগল প্লাসের নতুন নকশা সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকের মতো দেখতে হয়েছে।
বড় আকারের ছবি, চ্যাট অপশনসহ নতুন নিউজ স্ট্রিম যুক্ত করেছে গুগল। আগের নকশায় যেখানে অ্যাপ্লিকেশনগুলো ওপরের দিকে ছিল নতুন নকশায় রিবনগুলো বাঁ-দিকে যুক্ত হয়েছে এবং এগুলোর স্থান পরিবর্তন করানো সম্ভব। নতুন নকশা উন্মুক্ত করা প্রসঙ্গে গুগলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ভিক গানডোটরা জানিয়েছেন, গুগল প্লাসে বর্তমানে ১৭ কোটি ব্যবহারকারী রয়েছেন। সব ব্যবহারকারীর কাছে আরও সহজভাবে সামাজিক যোগাযোগের অভিজ্ঞতা পৌঁছে দিতে নতুন করে গুগল প্লাসকে ঢেলে সাজানো হলো।
গুগল প্লাসকে অনেক সামাজিক যোগাযোগের ওয়েবসাইট বিশ্লেষকেরাই ‘ঘোস্ট টাউন’, ‘বিরান ভূমি’, ‘আলাস্কা’ আখ্যা দেন। কারণ, এ সাইটটির ব্যবহারকারীর সংখ্যা সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুক, টুইটারের তুলনায় নিতান্তই কম। গুগলের ভাষ্য, স্বল্প ব্যবহারকারীর এ বিরান ভূমিতেও প্রাণ সঞ্চার করতেই নতুন রূপ দেওয়া হয়েছে।
গুগল প্লাসকে জনপ্রিয় করতে নানা উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। ইতিমধ্যে এ সাইটটির সঙ্গে গুগলের সার্চ, ইউটিউব ভিডিও এবং গুগলের অন্য অনেক সার্ভিস জুড়ে দিয়েছে। বিশ্লেষকেরা ধারণা করছেন, গুগল প্লাসের বিরান ভূমিতে হয়তো শিগগিরই বসন্ত আসবে।