Friday, April 20, 2012

অ্যাপল অ্যাপ্লিকেশন এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা

আইফোন ও আইপ্যাডের অ্যাপ্লিকেশন হিসেবে এল জ্ঞানকোষ হিসেবে পরিচিত এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা। ছাপা সংস্করণ বন্ধ ঘোষণা করার এক মাসের মধ্যেই অ্যাপ্লিকেশন হিসেবে অ্যাপলের আইটিউনস স্টোরে এল এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা।

এ বছরের ১৩ মার্চ ২৪৪ বছর ধরে জনপ্রিয় এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার ছাপা সংস্করণ বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছিল শিকাগো-ভিত্তিক প্রতিষ্ঠান এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা ইনকরপোরেট। এ সময় শিগগিরই ডিজিটাল সংস্করণ বাজারে আনার ঘোষণা দিয়েছিল প্রতিষ্ঠানটি।
মাসিক ১.৯৯ পাউন্ড খরচে পুরো অ্যাপ্লিকেশনটির মাধ্যমে এনসাইক্লোপিডিয়ার তথ্য পাওয়া যাবে যা খরচের হিসেবে অনলাইন সংস্করণ পাঠের প্রায় অর্ধেক। উল্লেখ্য, এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার অনলাইন সংস্করণ ১৯৯৪ সাল থেকে ইন্টারনেট ব্যবহার করে পড়া যায়। ভবিষ্যতে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন তৈরি করা হবে বলেও জানিয়েছেন ব্রিটানিকার কর্মকর্তা ইয়ান গ্র্যান্ট।
ছাপা সংস্করণ বন্ধ প্রসঙ্গে এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার প্রেসিডেন্ট জর্জ কজ বলেন, বেশ কিছু সময় ধরেই তাঁরা এনসাইক্লোপিডিয়ার ছাপা সংস্করণ বন্ধ করার চিন্তা করছিলেন। ক্রমবর্ধমান প্রতিযোগিতার কারণেই এখন থেকে বইটির ডিজিটাল সংস্করণ বের করার সিদ্ধান্ত নিয়েছেন তারা। তা ছাড়া গত কয়েক বছর ধরে এনসাইক্লোপিডিয়ার ছাপা সংস্করণের বিক্রিও খুব কমে গিয়েছিল।
এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা সর্বপ্রথম প্রকাশিত হয় ১৭৬৮ সালে, স্কটল্যান্ডে। ১৯৯০ সালে গ্রন্থটি সবচেয়ে বেশি ছাপা হয়েছিল। সে বছর বইটির এক লাখ ২০ হাজার সেট বিক্রি হয়। কিন্তু ১৯৯৬ সালে এ সংখ্যা ৪০ হাজারে নেমে আসে।