Sunday, April 22, 2012

ফ্ল্যাশব্যাকের পর এবারে ‘ব্যাকডোর’ হামলা!

অ্যাপলের ম্যাক কম্পিউটারকে অনেকেই ‘ভাইরাস-মুক্ত’ কম্পিউটার মনে করতেন। কিন্তু ম্যাকের সেই সুনাম এখন বিপর্যয়ের মুখে। অ্যাপলের প্রায় সাড়ে ছয় লাখেরও বেশি ম্যাক কম্পিউটারে ফ্ল্যাশব্যাক নামের ট্রোজান হর্সের বিপর্যয় কাটিয়ে না উঠতেই আবারও ‘ব্যাকডোর’ নামের একটি বিপজ্জনক ভাইরাসের শিকার হয়েছে এ কম্পিউটার।
এক খবরে টাইম অনলাইন জানিয়েছে, ফ্ল্যাশব্যাক ভাইরাসের প্রকোপ থামতে না থামতেই ব্যাকডোর ট্রোজান ছড়িয়ে পড়ছে ম্যাক কম্পিউটারগুলোতে। কম্পিউটার নিরাপত্তা প্রতিষ্ঠান ক্যাসপারস্কি ল্যাব জানিয়েছে, এই ট্রোজানের নাম স্যাবপাব (Backdoor.OSX.SabPub.a), যা মূলত ব্যাকডোর হিসেবে কাজ করে।
এ প্রসঙ্গে ক্যাসপারস্কি ল্যাবের প্রধান নিরাপত্তা বিশেষজ্ঞ অ্যালেক্স গোস্তেভ জানিয়েছেন, এর আগে ছড়িয়ে পড়া ফ্ল্যাশব্যাক আর এই স্যাবপাব সম্পূর্ণ ভিন্নধর্মী ট্রোজান। ফ্ল্যাশব্যাক অনেকটা ক্লিক স্ক্যাম তৈরি করতো। একে ক্লিকজ্যাকিংও বলা হয়। নতুন এই স্যাবপাব ট্রোজানটি কম্পিউটারের পূর্ণ নিয়ন্ত্রণ ক্ষমতা আক্রমণকারীর হাতে তুলে দেয়, যাকে ব্যাকডোর পদ্ধতি বলা হয়ে থাকে। ভাইরাসটি ইন্টারনেটে জাভা ল্যাঙ্গুয়েজের মাধ্যমে ব্যবহারকারীর অজ্ঞাতেই কম্পিউটারে
ডাউনলোড হয়ে যায়।
ব্যাকডোর ম্যালওয়ারটি এরই মধ্যে সাড়ে ছয় লাখেরও বেশি ম্যাক কম্পিউটারে ছড়িয়ে পড়েছে। ফ্ল্যাশব্যাক প্রতিরোধে অ্যাপল নিরাপত্তা সফটওয়্যার অবমুক্ত করলেও এখনো ব্যাকডোর ঠেকাতে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি।
নিরাপত্তা বিশেষজ্ঞরা জানিয়েছেন, ব্যাকডোর নামের এই ট্রোজানটি উইন্ডোজ চালিত কম্পিউটারেও ছড়িয়ে পড়ছে দ্রুত। অ্যান্টিভাইরাসের সর্বশেষ আপডেট থাকলে এ ট্রোজানটি নির্মূল করা সম্ভব। এ ছাড়াও স্প্যাম মেইল বা কম্পিউটারের জন্য কোনো ঝুঁকিপূর্ণ কোনো ওয়েবসাইটে ব্রাউজ করা থেকে বিরত থাকলেই ঝুঁকি এড়ানো সম্ভব হবে বলেই জানিয়েছেন বিশেষজ্ঞরা।