গ্রহাণু খুঁড়ে মূল্যবান খনিজ সংগ্রহের উদ্দেশ্যে সম্প্রতি জেমস ক্যামেরন, এরিক স্মিড, ল্যারি পেজসহ প্রযুক্তি বিশ্বের জাঁদরেল কয়েকজন ব্যক্তি মিলে প্রতিষ্ঠা করেছেন প্লানেটরি রিসোর্সেস নামের একটি প্রতিষ্ঠান। এক খবরে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল জানিয়েছে, সামনের বছর থেকেই গ্রহাণু খুঁড়ে মূল্যবান খনিজ সংগ্রহের কাজ শুরু করবে প্রতিষ্ঠানটি।
২৪ এপ্রিল মঙ্গলবার সিয়াটলের মিউজিয়াম অব ফ্লাইটে একটি অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির কার্যক্রম ঘোষণা করেছেন উদ্যোক্তারা।প্লানেটরি রিসোর্সেস এর প্রতিষ্ঠাতা হিসেবে কাজ করেছেন নাসার সাবেক কর্মকর্তা পিটার ডায়ামানডিস ও এরিক অ্যান্ডারসন। সোমবার তাঁরা তাঁদের পরিকল্পনার এ তথ্য প্রকাশ করেছেন। অ্যান্ডারসন জানিয়েছেন, ‘আমরা গ্রহাণু খুঁড়ে খনিজ বের করা বিষয়ে কথা বলতে আসিনি, আমরা তা করে দেখাতেই এই কোম্পানি প্রতিষ্ঠা করেছি।’ আগামী দুই বছরের মধ্যে ‘আর্কেড’ নামের একটি নতুন মহাকাশযান ও নতুন টেলিস্কোপ তৈরির ঘোষণাও দিয়েছেন তিনি।
অ্যান্ডারসন তাঁর পরিকল্পনায় জানিয়েছেন, শক্তিশালী টেলিস্কোপের সাহায্যে পৃথিবীর কাছাকাছি পানি থাকতে পারে এমন ‘নিয়ার-আর্থ অ্যাস্টরয়েড’ (এনইএ) গ্রহাণু শনাক্ত করে সেখানে অভিযান চালানো হবে ও সেখান থেকে প্লাটিনামের মতো মূল্যবান ধাতু আহরণ করা হবে।
উল্লেখ্য, এখন পর্যন্ত নয় হাজার এনইএ গ্রহাণু শনাক্ত করতে সক্ষম হয়েছেন গবেষকেরা; যা পৃথিবীর কক্ষপথের কাছাকাছি গ্রহাণুগুলোর মাত্র ১ শতাংশ।
গবেষকেরা গ্রহাণু থেকে খনিজ আহরণের বিভিন্ন উপায় নিয়ে এখন কাজ করছেন। তাঁর কিছু নমুনা উপরের ভিডিওতে দেখিয়েছেন।