বিশ্বের সবচেয়ে দ্রুতগতির কম্পিউটার তৈরি করছে ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনস (আইবিএম) করপোরেশন। নেদারল্যান্ডের ইনস্টিটিউট ফর রেডিও অ্যাসট্রোনমি (অ্যাসট্রন)-এর স্কয়ার কিলোমিটার অ্যারে (এসকেএ) প্রকল্পের জন্য দ্রুতগতির কম্পিউটার তৈরি করবে আইবিএম।
এক খবরে ডেইলি মেইল জানিয়েছে, মহাকাশ গবেষণার কাজে ব্যবহূত রেডিও টেলিস্কোপের বিশাল তথ্য বিশ্লেষণ, সংরক্ষণ ও হিসাব করার কাজে আইবিএমের তৈরি এ কম্পিউটার ব্যবহূত হবে।এ প্রসঙ্গে আইবিএম জানিয়েছে, অ্যাসট্রনের কাছ থেকে ১ এপ্রিল তারা চার কোটি ডলারেরও বেশি বরাদ্দের একটি প্রকল্পের কাজ পেয়েছে। এ কাজে অর্থের জোগান দিচ্ছে নেদারল্যান্ড। প্রায় ২০টি দেশের জ্যোতির্বিদেরা রেডিও টেলিস্কোপ নিয়ে যে গবেষণা করছেন তাঁদের জন্য দ্রুতগতির কম্পিউটার তৈরির প্রকল্প এটি।
এ প্রকল্পে আইবিএমকে ‘এক্সাস্কেল’ কম্পিউটার পদ্ধতি নিয়ে কাজ করতে হবে, যা রেডিও টেলিস্কোপের জন্য প্রয়োজন হয়। আইবিএম জানিয়েছে, তারা যে ধরনের কম্পিউটার তৈরির পরিকল্পনায় নেমেছে সেটি প্রতিদিন এক এক্সাবাইট পরিমাণ তথ্য পড়তে, সংরক্ষণ ও বিশ্লেষণ করতে সক্ষম হবে। ১ এক্সাবাইট সমান ১ বিলিয়ন গিগাবাইট বা এক্সাবাইট সমান ১ কুইনটিলিয়ন (অর্থাত্ ১-এর পরে ১৮টি শূন্য) বাইট। সারা বিশ্বে ইন্টারনেটে প্রতিদিন যে পরিমাণ তথ্য তৈরি হয় তার প্রায় দ্বিগুণ পরিমাণ তথ্যের হিসাব করতে সক্ষম হবে এ কম্পিউটার।
এসকেএ প্রকল্পটির অধীনে বিশ্বের বৃহত্তম ও সবচেয়ে সংবেদনশীল রেডিও টেলিস্কোপ তৈরি হবে। গবেষকেরা হিসেব করে দেখেছেন এ টেলিস্কোপ চালাতে গেলে যে প্রসেসিং ক্ষমতার প্রয়োজন হবে তা বর্তমান বিশ্বের দ্রুততম কম্পিউটারের চেয়েও অনেক বেশি। মহাকাশ, ডার্ক ম্যাটার ও বিগ ব্যাংয়ের বিশ্লেষণের তথ্য পেতে ব্যবহার করা হবে এ কম্পিউটার। আইবিএম আগামী পাঁচ বছরের মধ্যে এ কম্পিউটার তৈরি করবে।