এশিয়ায় অনলাইনে তথ্যের চাহিদা দ্রুত বাড়ছে। অনলাইন ক্ষেত্রের শীর্ষ প্রতিষ্ঠান গুগলকেও তাই এ অঞ্চলের চাহিদা পূরণে ব্যবস্থা নিতে হচ্ছে। গুগল কর্মকর্তা ড্যানিয়েল এলিগ্রির বরাতে এক খবরে হাফিংটন পোস্ট জানিয়েছে, এশিয়ার তথ্যের চাহিদা মেটাতে সম্প্রতি তাইওয়ানে ডেটা সেন্টার তৈরি করছে গুগল।
এটি হবে এশিয়ায় গুগলের তৃতীয় ডেটা সেন্টার। এর আগে এশিয়া মহাদেশের সিঙ্গাপুর ও হংকংয়ে ডেটা সেন্টার তৈরি করেছে গুগল।এ প্রসঙ্গে গুগলের এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট ড্যানিয়েল জানিয়েছেন, ডেটা সেন্টার তৈরিতে ৭০ কোটি ডলার বিনিয়োগ করছে গুগল, যা এ অঞ্চলে তথ্যপ্রবাহ আরও দ্রুততর করবে। এশিয়া অঞ্চলে তথ্য ব্যবহারের হার ক্রমশ বাড়ছে আর তাই এ অঞ্চলকে এখন গুরুত্ব দিচ্ছে গুগল। পৃথিবীর অন্যান্য অঞ্চলের তুলনায় এশিয়াতে প্রতিদিনই নতুন করে ইন্টারনেট ব্যবহারকারী তৈরি হচ্ছে। নতুন ব্যবহারকারীদের মধ্যে তথ্য ও বিনোদনের চাহিদা রয়েছে। আর এটাই গুগলের ব্যবসার ক্ষেত্র তৈরি করতে পারে।
উল্লেখ্য, এশিয়ায় তিনটি ডেটা সেন্টার ছাড়াও যুক্তরাষ্ট্রে ছয়টি ও ইউরোপে দুটি ডেটা সেন্টার রয়েছে গুগলের। ডেটা সেন্টারে নিরাপত্তার ঘেরাটোপে আটকানো কম্পিউটার আর সার্ভারে রাখা মূল্যবান বিশাল তথ্যের ভান্ডার সংরক্ষিত থাকে।
গুগল কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন ডেটা সেন্টার হবে পরিবেশবান্ধব, এতে থার্মাল এনার্জি স্টোরেজ পদ্ধতি ব্যবহূত হবে। তাইওয়ানের নতুন এই ডেটা সেন্টার চালু হবে ২০১৩ সাল থেকে।