ক্লাউডনির্ভর কম্পিউটার মনিটর তৈরি করছে দক্ষিণ কোরিয়ার ইলেকট্রনিকস পণ্যের নির্মাতা প্রতিষ্ঠান এলজি। প্রতিষ্ঠানটির এ মনিটর সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা সিপিইউ ছাড়াই পুরো কম্পিউটারের যাবতীয় কাজ করতে পারে। এ প্রসঙ্গে এলজি জানিয়েছে, মনিটরের সঙ্গে ল্যান কার্ড যুক্ত করে `জিরো ক্লায়েন্ট' নামে এক ধরনের ওয়ার্ক স্টেশন তৈরি করা সম্ভব। এই ওয়ার্ক স্টেশন ক্লাউডনির্ভর।
এ পদ্ধতিতে কেবল মনিটর ব্যবহার করে কম্পিউটারের কাজ করা যাবে, ফলে ডেস্কটপ বা ল্যাপটপের খরচ সাশ্রয় হবে। এলজি এই মনিটর সিরিজের নাম রেখেছে `পি সিরিজ'।এলজি আরও জানিয়েছে, পি সিরিজের মনিটর আইপি প্রোটোকল ব্যবহার করে। এটি সার্ভার পদ্ধতিতে কম্পিউটিংয়ের কাজ করতে পারে, যার কাজ অনেকটা ভিওআইপি চ্যাটের মতো।
ক্লাউডনির্ভর এই মনিটরে আলাদা করে অপারেটিং সিস্টেম বা কোনো সফটওয়্যারও আপডেট করতে হয় না। এ পদ্ধতি ব্যবহারে মনিটর অনেক দিন টিকেও থাকে। এ মনিটরে সিসকোর তৈরি ইউনিভার্সাল পাওয়ার ওভার ইথারনেট (ইউপিওই) প্রযুক্তি ব্যবহূত হয়েছে, যা ল্যান কার্ডের মাধ্যমে মাত্র ৬০ ওয়াট বিদু্যতের সাহায্যেই চলতে পারে।
এলজির দাবি, একটি সার্ভার থেকেই পি সিরিজের অনেক মনিটর চালানো যাবে।