Saturday, May 12, 2012

অবশেষে শাহরুখের হলিউড-যাত্রা

গত বছর জোর গুজব উঠেছিল, হলিউডের প্রখ্যাত চিত্রনির্মাতা ও প্রযোজক মার্টিন স্করসেসের ‘এক্সট্রিম সিটি’ ছবির জন্য লিওনার্দো ডি ক্যাপ্রিওর সঙ্গে ক্যামেরার সামনে দাঁড়াবেন বলিউডের অভিনেতা শাহরুখ খান। তখন বিষয়টির সত্যতা নিশ্চিত না করলেও, ছবিটির জন্য অপেক্ষায় আছেন বলেই সম্প্রতি জানিয়েছেন ৪৬ বছর বয়সী এই বলিউডের তারকা।

এ প্রসঙ্গে শাহরুখের উদ্ধৃতি দিয়ে হিন্দুস্থান টাইমস জানিয়েছে, ‘রা ওয়ান, ডন ২ এবং যশ রাজের নতুন ছবির কাজ নিয়ে প্রচণ্ড ব্যস্ততার কারণে এক্সট্রিম সিটি ছবি নিয়ে কথা বলার ফুরসত পাইনি। তবে এবার যুক্তরাষ্ট্র গিয়ে মার্টিন স্করসেসের সঙ্গে কথা বলার সিদ্ধান্ত নিয়েছি। তাঁর সঙ্গে দেখা করে ছবিটির বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চাইব। আমি ঠিক জানি না, ছবিটির কাজ কবে শুরু হবে। তবে আমি নিশ্চিত, দারুণ ছবি হবে এটা। এটা এমন একটি ছবি, যার কাজ তড়িঘড়ি করে শুরু করা যাবে না। অনেক প্রস্তুতি নিয়েই এর কাজ শুরু করতে হবে।’
উল্লেখ্য, মার্টিন স্করসেসের প্রযোজনায় ‘এক্সট্রিম সিটি’ পরিচালনার দায়িত্বে রয়েছেন পল শ্রেডার। পলের সঙ্গে যৌথভাবে ছবিটির চিত্রনাট্য লিখেছেন শাহরুখের বন্ধু মুস্তাক শেখ। যুক্তরাষ্ট্র ও ভারতে একসঙ্গে মুক্তি পাবে হলিউডের এই ছবিটি। ছবিটির মূল বিষয়বস্তু মুম্বাইয়ের আন্ডারওয়ার্ল্ড। এতে খলচরিত্রে অভিনয় করবেন শাহরুখ। আর নিউইয়র্কের পুলিশ চরিত্রে দেখা যাবে লিওনার্দো ডি ক্যাপ্রিওকে।
এদিকে ঘনিষ্ঠ কয়েকটি সূত্র দাবি করেছে, ‘এক্সট্রিম সিটি’ ছবিতে অভিনয়ের পাশাপাশি মার্টিন স্করসেসের সঙ্গে যৌথভাবে ছবিটি প্রযোজনাও করছেন শাহরুখ।