চিপ-নির্মাতা প্রতিষ্ঠান ইনটেল নতুন প্রযুক্তি উদ্ভাবন ও লাভের দিক থেকে স্বর্ণযুগে প্রবেশ করছে। ১০ মে বৃহস্পতিবার ইনটেলের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্বপ্রাপ্ত পল ওটেলিনি এ মন্তব্য করেছেন। এক খবরে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট পিসি ম্যাগ জানিয়েছে, ক্যালিফোর্নিয়ায় ইনটেলের বার্ষিক বিনিয়োগকারী দিবস পালনের এক আয়োজনে এ মন্তব্য করেন ওটেলিনি।
ওটেলিনি জানিয়েছেন, সেমিকন্ডাক্টার ও প্রসেসর তৈরিতে ইনটেল অনেক দূর এগিয়েছে। এ ধরনের চিপ-নির্মাতা হিসেবে সব সময় অগ্রণী ভূমিকা পালন করে ইনটেল। প্রতিষ্ঠানটি ভবিষ্যতে চিপ ও প্রসেসরের ক্ষেত্রে আরও বেশি বিনিয়োগ করবে এবং নতুন প্রযুক্তি উদ্ভাবনে কাজ করবে। আর এই ক্ষেত্রটিই ইনটেলের স্বর্ণযুগের সূচনা করবে।
চিপ তৈরির ক্ষেত্রে ইনটেল ও আর গুটিকয়েক প্রতিষ্ঠান লাভের মুখ দেখে। তাই পরবর্তী প্রজন্মের প্রসেসর তৈরি করে লাভের দিক থেকে আরও এগিয়ে যাওয়ার আশা করছেন ইনটেলের প্রধান নির্বাহী।
ওটেলিনি জানিয়েছেন, ২০১১ সালে ইনটেল ৫৪ বিলিয়ন ডলার লাভ করেছে যা ২০১০ সালের তুলনায় ২৪ শতাংশ বেশি।
উল্লেখ্য, ইনটেল সম্প্রতি ডেস্কটপ কম্পিউটারের চিপ ছাড়াও মোবাইল ডিভাইসের জন্য চিপ তৈরিতে কাজ শুরু করেছে।