Saturday, June 2, 2012

পুরস্কার দিচ্ছে ফেসবুক!

ফেসবুকের মাধ্যমে বা ফেসবুক ব্যবহার করে মানবাধিকার-বিষয়ক যেকোনো ধরনের ধারণা, লেখা বা উদ্যোগের জন্য ২০ হাজার ডলার পুরস্কার ঘোষণা করেছে সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুক। ফেসবুকে মানবাধিকার রক্ষা, সামাজিক উন্নয়ন বিষয়ে ফেসবুকে নিজস্ব ধারণা লিখে এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করা যাবে। এ আয়োজনটি সবার জন্য উন্মুক্ত রেখেছে ফেসবুক।

মানবাধিকার নিয়ে এ আয়োজনে ফেসবুক জোট বেঁধেছে ‘অ্যাকসেস’ নামের একটি প্রযুক্তিভিত্তিক আন্তর্জাতিক সংস্থার সঙ্গে। ২০০৯ সাল থেকে এ প্রতিষ্ঠানটি বিশ্বব্যাপী অবাধ প্রযুক্তি ব্যবহারের অধিকার নিশ্চিত করার লক্ষ্য নিয়ে কাজ করছে। এ প্রতিযোগিতায় পাঁচটি বিভাগে ‘দ্য অ্যাকসেস ফেসবুক অ্যাওয়ার্ড’ নামে মোট এক লাখ ডলার পুরস্কার দেবে ফেসবুক। প্রতিযোগীদের লেখার বিচারও করবে ফেসবুক।
এ প্রসঙ্গে ফেসবুক কর্মকর্তা মারনে লেভিন জানিয়েছেন, ‘সারা বিশ্বে মানবাধিকার বিষয়ে সচেতনতা গড়ে তুলতে সামাজিক যোগাযোগব্যবস্থা একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। ফেসবুক প্রবর্তিত এই পুরস্কারের মাধ্যমে বিশ্বে ফেসবুক-কেন্দ্রিক বিভিন্ন মানবাধিকারের ধারণা তৈরি হবে ও তথ্যের অবাধ প্রসার ঘটবে; যা শিক্ষামূলক কাজে লাগানো সম্ভব হবে। আর এ লক্ষ্য নিয়েই সৃষ্টিশীল ধারণা খোঁজার আয়োজন করছে ফেসবুক।’
ফেসবুকের সঙ্গে এ প্রতিযোগিতা আয়োজন প্রসঙ্গে অ্যাকসেস জানিয়েছে, ‘মানবাধিকার বিষয়ে এই পুরস্কার নতুন ধারণা খুঁজে পেতে সাহায্য করবে।’
অ্যাকসেসের নির্বাহী পরিচালক ব্রেট সলোমোন বলেছেন, প্রযুক্তি ক্ষেত্রে বিভিন্ন উদ্ভাবন মানবাধিকার বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে। একই সঙ্গে, যাঁরা মানবাধিকার নিয়ে কাজ করছেন তাঁদের পক্ষে এ পুরস্কার জেতাটা আর্থিকভাবেও কাজে লাগবে। যেকোনো সফটওয়্যার, অ্যাপ্লিকেশন বা যেকোনো ধারণার জন্যই আমরা উন্মুখ হয়ে রয়েছি।
আবেদন গ্রহণের শেষ তারিখ ১৫ আগস্ট। আবেদন করা যাবে—https://www.accessnow.org/ লিংকে।