Saturday, October 6, 2012

ত্রুটি থাকায় এক্সপেরিয়া ট্যাব বিক্রি বন্ধ!

বাজারে আনার এক মাসের মধ্যেই এক্সপেরিয়া ট্যাবলেট কম্পিউটারের বিক্রি বন্ধ করে দিচ্ছে সনি। স্ক্রিন ও ট্যাবলেট কেসের মধ্যে ফাঁকা থাকায় তা পানির সংস্পর্শে এসে সহজে নষ্ট হয়ে যেতে পারে—সম্প্রতি এ ত্রুটি বা খুঁতটি ধরতে পারার পরই ট্যাবলেট কম্পিউটার বিক্রি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সনি কর্তৃপক্ষ। খবর রয়টার্সের।

চলতি বছরের ৭ সেপ্টেম্বর অ্যান্ড্রয়েড-নির্ভর এক্সপেরিয়া ট্যাব বাজারে এনেছিল সনি। এখন পর্যন্ত এক লাখ ট্যাবলেট বিক্রি করেছে প্রতিষ্ঠানটি। সনির পক্ষ থেকে জানানো হয়েছে, এক্সপেরিয়া ট্যাবলেটে কোনো ধরনের সমস্যার অভিযোগ পেলে তা বিনা মূল্যে সারিয়ে দেওয়া হবে।
সনির মুখপাত্র নরিকো সোজি এ প্রসঙ্গে জানিয়েছেন, চীনা প্রতিষ্ঠানে এ ট্যাবলেট তৈরির সময় কোনো সমস্যার কারণে এ ত্রুটির সৃষ্টি হতে পারে। পানিরোধী ট্যাবলেট হিসেবে দাবি করা হলেও এতে পানি ঢোকার অভিযোগ পাওয়া গেছে।