আড়ি পাতা কিংবা তথ্য পেতে গোয়েন্দাদের এখন আর জেমস বন্ডের মতো অদ্ভুত সব প্রযুক্তির যন্ত্রপাতির প্রয়োজন পড়ে না। দিন বদলেছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল ইনটেলিজেন্স এজেন্সির (সিআইএ) পরিচালক ডেভিস প্যাট্রিয়াস বলেছেন, আড়ি পাততে বাড়িতে থাকা নিছক তথ্য-বিনোদনের আটপৌরে টেলিভিশনটিও গুপ্তচরদের সহায়ক হতে পারে। এআইএনএস এক খবরে জানিয়েছে, ডেভিস প্যাট্রিয়াস সম্প্রতি নতুন প্রযুক্তি বিষয়ে এ মন্তব্য করেছেন।
প্যাট্রিয়াস বলেন, গুপ্তচরবৃত্তির ধারণা পাল্টে গেছে। গুপ্তচরকে এখন আর বাড়িতে আলাদা করে ক্যামেরা বসানো অথবা ছদ্মবেশে কারও ডিনার পার্টিতে যাওয়ার প্রয়োজন পড়ে না। ইন্টারনেট বা বেতার তরঙ্গ ব্যবহার করে বাড়ির বাইরে থেকেই আড়ি পাততে পারে সিআইএ। এ জন্য বাড়ির টেলিভিশন থেকে শুরু করে সব ধরনের ইলেকট্রনিক যন্ত্রপাতিকেই ব্যবহার করে যুক্তরাষ্ট্রের এ গোয়েন্দা সংস্থাটি।
স্বল্প শক্তিতে চলে এমন মাইক্রোপ্রসেসর উদ্ভাবন করেছে ব্রিটিশ ইলেকট্রনিক জায়ান্ট এআরএম হোল্ডিংস। এ খুদে প্রসেসরটি ফ্রিজ থেকে শুরু করে বাড়ির ডোরবেলেও ব্যবহার করা যাবে। এ ছাড়া বাড়ির রিমোট কন্ট্রোল থেকে শুরু করে ইলেকট্রনিক যন্ত্রপাতিও এখন বিভিন্ন অ্যাপ্লিকেশন ব্যবহার করে নিয়ন্ত্রণ করা সম্ভব। আর এমন যন্ত্রগুলোই এখন সিআইএয়ের গুপ্তচরবৃত্তিতে সহায়ক বলে প্যাট্রিয়াস মন্তব্য করেছেন।
ইন্টারনেটযুক্ত পণ্যগুলো গুপ্তচরবৃত্তির সহায়ক বলেই মনে করেন সিআইএর প্রধান। প্যাট্রিয়াস এ প্রসঙ্গে বলেছেন, সেন্সর নেটওয়ার্ক, ক্ষুদ্র সার্ভার, রেডিও-ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশনের মতো প্রযুক্তি ব্যবহার করছে সিআইএ।
উল্লেখ্য, প্যাট্রিয়াস ২০১১ সালের সেপ্টেম্বর মাসের ৬ তারিখে সিআইএয়ের পরিচালক পদে দায়িত্ব পালন করছেন।