Tuesday, March 13, 2012

আঙুলের ইশারায় চলবে মোবাইল!

জাপানের ইলেকট্রনিক পণ্যনির্মাতা প্রতিষ্ঠান সনি নতুন প্রযুক্তির একটি স্মার্টফোন তৈরি করছে। টাচ বা কোনো রকম স্পর্শ ছাড়া কেবল স্পর্শের ভঙ্গি বা ইশারাতেই মোবাইলটি চালানো সম্ভব হবে। সনি এ টাচস্ক্রিন প্রযুক্তিটির নাম দিয়েছে ‘ফ্লোটিং টাচ’। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশএবল জানিয়েছে, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমচালিত ‘এক্সপেরিয়া সোলা’ নামের একটি নতুন স্মার্টফোন বাজারে আনছে সনি। সে স্মার্টফোনে থাকবে ‘ফ্লোটিং টাচ’ প্রযুক্তি।

স্মার্টফোন ফ্লোটিং টাচ প্রযুক্তি থাকায় ব্যবহারকারী স্ক্রিনের ওপর হাতের আঙুল স্পর্শ করার ভঙ্গি করলেই স্মার্টফোন সে নির্দেশ পালন করবে। সনি জানিয়েছে, নতুন এ প্রযুক্তিটির উন্নয়নে ডেভেলপারদের কাজে লাগানো হবে এবং নিয়মিত সফটওয়্যার আপডেট করা হবে।
সনির তৈরি ‘এক্সপেরিয়া সোলা’ স্মার্টফোনটিতে থাকছে অ্যান্ড্রয়েড ২.৩ অপারেটিং সিস্টেম। তবে এটি অ্যান্ড্রয়েডের সর্বশেষ সংস্করণ অ্যান্ড্রয়েড ৪.০ বা আইসক্রিম স্যান্ডউইচে আপগ্রেড করা যাবে। ৩.৭ ইঞ্চি রিয়েলিটি ডিসপ্লের এ স্মার্টফোনটিতে ১ গিগাহার্টজের ডুয়াল কোর প্রসেসর, নিয়ার ফিল্ড কমিউনিকেশন (এনএফসি), এক্সপেরিয়া স্মার্টট্যাগ ও থ্রিডি প্রযুক্তির সাউন্ড সমর্থন করবে।
সাদা, কালো ও লাল—এ তিন রঙের ডিভাইস চলতি বছরের মাঝামাঝি সময়ে বাজারে আসবে। এ ডিভাইসগুলোর দাম এখনো প্রকাশ করেনি সনি।