Saturday, October 6, 2012

বিয়ের পর ‘আইটেম’ নিয়ে বলিউডে ফিরবেন কারিনা

এত দিন বলিউডের সংবাদমাধ্যমগুলো পতৌদি পরিবারের হবু বধূ কারিনা কাপুরের বিয়ের খবর নিয়েই ব্যস্ত ছিল। বিয়ের দিনক্ষণ মোটামুটি ঠিকঠাক। অক্টোবরের ১৬ থেকে ১৯ তারিখের মধ্যেই বিয়ে করছেন সাইফ-কারিনা। এবার মিডিয়া উঠেপড়ে লেগেছে বিয়ের পর কারিনার বলিউড প্রত্যাবর্তন নিয়ে। সম্প্রতি জানা গেছে, একটি আইটেম গানে অংশ নেওয়ার মাধ্যমেই বিয়ের পর বলিউডে ফিরবেন কারিনা।

বিয়ের পর পতৌদির ‘বেগম’ কারিনা সালমান খানের ‘দাবাং-২’ ছবির একটি আইটেম গানে অংশ নেবেন বলেই এক খবরে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
এদিকে কারিনার ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, বিয়ের জাঁকজমকের অংশ হলেও নবাবি ভোজে অংশ নেওয়ার সময় যথেষ্ট সচেতনই থাকবেন কারিনা। মেপে খাওয়া আর শরীর ঠিক রাখার বিষয়টি কারিনা সব সময় মাথায় রেখেছেন। কেননা ‘দাবাং-২’ ছবিতে তাঁকে নাচতে হবে মুন্নি বদনাম হুয়ির মতো গানে।
আইটেম গানটির শুটিং হবে মুম্বাইতেই; সূত্রটি জানিয়েছে, যেহেতু মোটামুটি খোলামেলাই হবে নাচটির দৃশ্যায়ন। যেমনটি কারিনাকে তাঁর ‘চিকনি চামেলি’ গানে করতে হয়েছিল। সুতরাং ইচ্ছা থাকলেও পেটপূজো নয়, কারিনাকে বিয়ে কিংবা বিয়ের পর আয়োজিত সব কটি ভোজসভায়ই নবাবি সব ডিশের দিকে তাকিয়েই সন্তুষ্ট থাকতে হবে, অন্তত ‘দাবাং-২’ ছবির আইটেম গানটির শুটিং শেষ না হওয়া পর্যন্ত।