সম্প্রতি পেন ড্রাইভ বা ইউএসবি স্টিক দূর থেকে নিয়ন্ত্রণ করার প্রযুক্তি উদ্ভাবন করেছেন যুক্তরাজ্যের গবেষকেরা। তথ্য সুরক্ষায় নির্মিত নতুন এ পেন ড্রাইভের নাম ‘এক্সাক্টট্রাক’। এক খবরে বিবিসি জানিয়েছে, যুক্তরাজ্যের এক্সাক্টট্রাক লিমিটেড তৈরি করেছে নতুন এই ইউএসবি স্টিক। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, নিরাপত্তা বাহিনীর সদস্য থেকে শুরু করে তথ্য নিরাপত্তায় সবার জন্য উপযোগী এই ডিভাইসটি।
এক্সাক্টট্রাক ডিভাইসটি স্বয়ংক্রিয় তথ্য মুছে ফেলতে পারে এবং দূর থেকেই এটি ধ্বংস করে ফেলা যায়। ডিভাইসটিতে মোবাইলের মত সিমকার্ড ব্যবহার করা যায়। জিপিএস, জিএসএম প্রযুক্তি সুবিধার এই ডিভাইসটি তাই হারিয়ে গেলে বা চুরি গেলেও তথ্য বেহাত হবার আশঙ্কা নেই। এ ছাড়া যখনই এই ইউএসবি ডিভাইসটি প্লাগ ইন করা হবে তখনই এর ব্যাটারি চার্জ নিতে শুরু করবে এবং নিকটস্থ মোবাইল নেটওয়ার্ক দেখাবে। অনলাইন কনসোল ব্যবহার করে বা এসএমএস পাঠিয়ে দূর থেকেই ইউএসবিতে থাকা তথ্যের নিরাপত্তা নিশ্চিত করা যাবে। যদি স্পর্শকাতর তথ্য বেহাত হওয়ার আশঙ্কা থাকে সে ক্ষেত্রে দূর থেকেই পুরো ইউএসবি সিস্টেমটি ধ্বংস করে ফেলা যাবে। দূর নিয়ন্ত্রিত পদ্ধতিতে এই ইউএসবি ডিভাইসটির জন্য একটি সংকেত পাঠালে এর মাধ্যমে ইউএসবি ডিভাইসটিতে উচ্চমাত্রায় বিদ্যুত্ প্রবাহিত হবে ও তা ভেতরের চিপটিকে গলিয়ে এর সব তথ্য নষ্ট করে ফেলবে।