Wednesday, March 14, 2012

মেট্রোর জন্য নতুন ক্রোম

উইন্ডোজ ৮-এর মেট্রো ইন্টারফেসের উপযোগী নতুন সংস্করণের ক্রোম ব্রাউজার তৈরি করছে গুগল। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশএবল এক খবরে জানিয়েছে, মোজিলা ফাউন্ডেশন মেট্রো ইন্টারফেসের জন্য ফায়ারফক্স ব্রাউজারের নতুন সংস্করণের ঘোষণা দেওয়ার পর গুগল এ ঘোষণা দিল। গুগল জানিয়েছে, নতুন সংস্করণের ব্রাউজারটি ডেস্কটপ ব্রাউজারের মতই হবে।

গুগল আরও জানিয়েছে, সব ধরনের প্ল্যাটফর্মের উপযোগী, দ্রুতগতির, সহজ ও নিরাপদ ব্রাউজার তৈরিতে কাজ করছে গুগল। এর মধ্যে উইন্ডোজ ৮-এর জন্য রয়েছে ডেস্কটপ বা মেট্রো সংস্করণও। ডেস্কটপের ব্রাউজারকে উন্নত করার পাশাপাশি টাচ পদ্ধতির জন্য নতুন সংস্করণটি তৈরি করা হচ্ছে।
উল্লেখ্য, মেট্রো হচ্ছে উইন্ডোজ ৮-এর টাচ বা স্পর্শবান্ধব ইন্টারফেস, যা ট্যাবলেটের জন্য বিশেষভাবে উপযোগী। এ ইন্টারফেস মাউস ও কিবোর্ডও সমর্থন করবে। সে ক্ষেত্রে ব্যবহারকারীর জন্য মেট্রো বা উইন্ডোজ ডেস্কটপ যেকোনো ইন্টারফেস ব্যবহার করার সুযোগ থাকছে।
মেট্রো ইন্টারফেসের জন্য ইন্টারনেট এক্সপ্লোরার ছাড়া মাইক্রোসফট অন্য কোনো ব্রাউজার ব্যবহার করতে দেবে কি না, তা নিয়ে সংশয় ছিল। সম্প্রতি অন্য ব্রাউজারগুলোর জন্য দরজা উন্মুক্ত করার ঘোষণা দিয়েছে মাইক্রোসফট। অবশ্য মেট্রোতে কেবল ডিফল্ট ব্রাউজার ব্যবহারের সুযোগ থাকায় বেছে নিতে হবে যেকোনো একটিকেই।