Sunday, April 29, 2012

সনির ফ্যাশনেবল ক্যামেরার তথ্য ফাঁস

জাপানের ইলেকট্রনিক পণ্য নির্মাতা প্রতিষ্ঠান সনি আলফা সিরিজের দুটি নতুন ডিজিটাল ক্যামেরা তৈরি করছে। সম্প্রতি জাকার্তায় অনুষ্ঠিত এক কনফারেন্স থেকে আলফা ৩৭এসএলটি ও এনইএক্স-এফ৩ নামের এই ক্যামেরা দুটির তথ্য অনলাইনে ফাঁস হয়েছে। এক খবরে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেট।

ক্যামেরা প্রসঙ্গে প্রযুক্তি বিশ্লেষকেরা জানিয়েছেন, সনির নতুন ডিজিটাল ক্যামেরা মানেই নতুনত্ব। সনি সব সময় ফ্যাশনেবল ক্যামেরার জন্য খ্যাত। নতুন এফ৩ হবে মিররলেস ক্যামেরা। ক্যামেরাটি সনির পুরোনো সি৩ সংস্করণের ক্যামেরার মতোই দেখতে। সনির অন্যান্য ক্যামেরার বেশ কিছু বৈশিষ্ট্য এফ৩ ক্যামেরায় যুক্ত করা হয়েছে। ফ্যাশনেবল এই ক্যামেরার স্ক্রিন সব দিকে ঘোরানো যায়। আলফা ৩৭ ক্যামেরায় থাকছে ১৬.১ মেগাপিক্সেল ক্যামেরা, অটো পোর্ট্রেট ফ্রেমিং, চারটি ইফেক্ট মোডসহ বেশ কিছু নতুন ফিচার।
যদিও নতুন ক্যামেরা দুটির প্রসঙ্গে সনি এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি, তবে এ বছরই ক্যামেরা দুটি বাজারে আসতে পারে বলে ধারণা করছেন প্রযুক্তি বিশ্লেষকেরা।