Monday, April 23, 2012

এবারে জয়া আখতারের ‘শীলা’ হচ্ছেন ক্যাটরিনা!

বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফকে আবারও জনপ্রিয় ‘শীলা’ রূপে দেখা যাবে। এর আগে ফারাহ খানের পরিচালনায় ‘তিস মার খান’ ছবিতে শীলা সেজেছিলেন তিনি। এবারে পরিচালক জয়া আখতার তাঁর একটি তথ্যচিত্রে ক্যাটরিনাকে আইটেম গানে নাচার জন্য রাজি করিয়েছেন।
বলিউডের চলচ্চিত্রের শতবর্ষ পদার্পণ উপলক্ষে এ তথ্যচিত্রটি তৈরি করছেন জয়া। তিস মার খান চলচ্চিত্রটির জনপ্রিয় আইটেম গান ‘শীলা কি জাওয়ানি’র নামেই তিনি তাঁর এ তথ্যচিত্রটির নাম রেখেছেন। একটি সূত্রের বরাতে এক খবরে এনডিটিভি জানিয়েছে, বলিউডের রঙিন দুনিয়ার পূর্ণাঙ্গ চিত্র তুলে ধরতেই এ তথ্যচিত্রটির জন্য শীলা কি জাওয়ানির মত গান ও দৃশ্যের কথা ভেবেছেন পরিচালক।
শীলা কি জাওয়ানি তথ্যচিত্রটি এক কিশোরের কাহিনি; যে আইটেম গানের ভক্ত এবং সে বাস্তবে তাঁর কল্পনার সেই শীলার খোঁজ পেতে চায়।
এ তথ্যচিত্রটি গত এক শতাব্দী ধরে বলিউডের তারকা ও গানের প্রতি চলচ্চিত্র দর্শকদের অমোঘ আকর্ষণের বিষয়টিই তুলে ধরবে।
গানটির কিছু ফুটেজ ব্যবহার ও নতুন করে গানটি শুটিং করার কথা ভাবছেন পরিচালক। তাঁর ঘনিষ্ঠ আত্মীয় ও তিস মার খানের পরিচালক ফারাহ খানের কাছ থেকেও কিছু ফুটেজ নেবেন জয়া। আর ক্যাটরিনাকে কিছু দৃশ্যায়ন নতুন করে করতে হবে। ছবির দৃশ্য ধারণের কাজ হবে মুম্বাইতে।
এদিকে যাকে নিয়ে এত আয়োজন সেই ক্যাটরিনা কাইফও আবার ‘শীলা’ সাজতে রাজি হয়েছেন বলেই জানা গেছে।